Verified

মুন্সীগঞ্জে নারী পাচারকারী হিসেবে একজনের বিরুদ্ধে মামলা

01:46 Feb 29 2012 Srinagar, Munshiganj

Description
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী পাচারকারী সন্দেহে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সৌদি আরব ফেরত এক নারী।

সৌদি ফেরত ওই নারী হালিমা বাদী হয়ে মঙ্গলবার রাতে একই এলাকার ইদ্রিসের নামে শ্রীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের ইদ্রিস ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে একই গ্রামের দরিদ্র নারী হালিমা বেগমকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দিয়ে সৌদি আরব পাঠাতে চান।

হালিমা এ ফাঁদে পা দিয়ে বহু কষ্টে পাসপোর্ট ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ ইদ্রিসের কাছে মাত্র ১০ হাজার টাকা তুলে দেন। এরপর ইদ্রিস কৌশলে ৮০ হাজার টাকা ধার দেওয়ার ছলে হালিমার বসতবাড়ির মোট ১৩ শতাংশ জমি রেজিস্ট্রি বন্ধক নেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এরপর হালিমাকে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব পাঠিয়ে ঘরে আটকে তার ওপর অমানুষিক নির্যাতন চলানো হতো। এতে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এরপর তিনি এক পাকিস্তানি দারোয়ানের সাহায্যে বাংলাদেশে ফেরত আসেন। দেশে এসে তিনি ইদ্রিসের কাছে নালিশ জানালে সে জোর করে তার পাসপোর্ট ও কিছু কাগজপত্র ছিনিয়ে নেয় বলে হালিমা অভিযোগ করেন।

এরপর অনেকদিন বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে অবশেষে ব্র্যাক ও লিগ্যাল-এইডের উপজেলা ম্যানেজার সন্তোষ কুমার রায়ের পরামর্শে শ্রীনগর থানায় মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৫(১)-৯(৩)/৩০ ধারা) মামলা করেন।

জানা গেছে, বর্তমানে ইদ্রিস সুফিয়া নামে এক নারীর দায়ের করা প্রতারণা মামলায় জেল-হাজতে রয়েছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে লেবানন ফেরত ফুলমালার দায়ের করা একটি মামলা বিচারধীন।

শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আসামি ইদ্রিসের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
Additional Data

Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
18 + 1 =