Description
কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরে এক খাদ্য কর্মকর্তার বাড়িতে গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে।
লাশ উদ্ধার ও উদ্ধারপরবর্তী পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে জনমনে।
গৃহকর্মীর পিতার দাবি তার মেয়েকে হত্যা করা হয়েছে। আর গৃহকর্তা বলছেন এটি আত্মহত্যা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের ভকেশনাল মোড়সংলগ্ন কৃষ্ণপুর এলাকা থেকে সুমি (২০) নামের ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
নিহত গৃহকর্মী ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর গ্রামের শাসছুল হকের মেয়ে।
তিনি দীর্ঘ ৪ বছর ধরে চিলমারী উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস মণ্ডলের কুড়িগ্রাম শহরের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও গৃহকর্তার পরিবার সূত্র জানায়, সোমবার রাতে অন্যান্য দিনের মতো সুমী তার নিজ শয়নকক্ষে ঘুমায়।
রাতে গৃহকর্তা আব্দুল কুদ্দুস মণ্ডলের মেয়ে কামরুন্নাহার কলি তার মেয়ের জন্য দুধ গরম করতে উঠে জালানা দিয়ে দেখতে পান সিলিং ফ্যানের সঙ্গে গৃহকর্মী সুমীর শরীর ঝুলছে।
পরে খবর পেয়ে মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
সুমির পিতা শামছুল হক অভিযোগ করেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, তাকে হত্যা করা হয়েছে। আর আত্মহত্যা করলে তার সালোয়ারে রক্ত থাকবে কেন?’
বাড়ির মালিক আব্দুল কুদ্দুস মণ্ডল জানান, ‘সুমি মেয়ে হলেও তার আচরণ ছিল ছেলেদের মতো। তাই প্রতিবেশী ছেলেরা তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী দাবি করেন, গৃহকর্তা সুমিকে নিয়মিত নির্যাতন করতেন। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
এছাড়া তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওড়না দিয়ে গলা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে লাগানো থাকলেও পা ছিল টি-টেবিলে দাঁড়ানো অবস্থায়।
তারা আরও অভিযোগ করেন, গৃহকর্তার ছেলে আব্দুল মামুন রংপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত থাকায় স্থানীয় পুলিশ প্রভাবিত হচ্ছে।
প্রতিবেশীরা আরও জানান, ঘটনার পর পুলিশ কর্মকর্তারা আব্দুল কুদ্দুসের বাসার দোতলায় স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে দীর্ঘ সময় রুদ্ধদার বৈঠক করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের আগে এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা সে বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অস্বাভাবিক (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment