Description
দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে রেশমা নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর মুখ ও গলা। পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত কামালপুর গ্রামে গত শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। রাতেই তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেশমা কামালপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় মেয়েটির বাবা শনিবার রাত আটটায় অ্যাসিড অপরাধ দমন আইনে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্তকে আসামি করে চাটমোহর থানায় মামলা করেছেন।
মেয়েটির পরিবারের বরাত দিয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত দুইটার দিকে ঘরের খোলা জানালা দিয়ে দুর্বৃত্তরা ঘুমন্ত মেয়েটির ওপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। অ্যাসিডে তার মুখমণ্ডল ও গলা ঝলসে যায়। তবে কী কারণে কারা মেয়েটির ওপর অ্যাসিড ছুড়ল তা পুলিশ জানাতে পারেনি।
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহামঞ্চদ আলী জানান, এসিডে মেয়েটির মুখমণ্ডল ও গলার অনেকাংশ ঝলসে গেছে।
রেশমার ওপর অ্যাসিড নিক্ষেপকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ সোমবার সকাল ১০টায় চাটমোহর উপজেলা পরিষদের ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের সহায়তায় চাটমোহর বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করেছে।
Source: http://www.prothom-alo.com/detail/news/302825
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment